আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্প থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে সুমি আকতার (১৯) ও তার দুই বছরের শিশু কন্যা ওয়াজিহা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়পঞ্চক আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সিএনজি চালক মোহাম্মদ মিজানকে (৩৫) আটক করেছে পুলিশ।
নিহত সুমি আকতার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের মেয়ে। তার স্বামী মিজান পটিয়ার মালিয়ারা এলাকার বাসিন্দা। তারা গত কয়েক বছর ধরে ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে আসছিলেন। ঘটনার পর থেকে মিজানের মা পলাতক রয়েছেন।
নিহতের মা হোসনে আরা বেগম অভিযোগ করে বলেন, "বিকেলে মিজান ফোন করে জানায় আমার মেয়ে ও নাতনি মারা গেছে। ফোনে কথা বলার সময় আমি আমার মেয়ের গোঙানির শব্দ পাচ্ছিলাম। মিজানকে বারবার বলেছি ফোনটা মেয়ের হাতে দিতে, কিন্তু সে দেয়নি। তারা আমার মেয়ে আর নাতনিকে হত্যা করেছে।"
নিহতের দুলাভাই মো. এনামুল হক জানান, তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্বর্ণ বন্ধক রাখা ও পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মা-মেয়ের লাশ ওড়নায় ঝুলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইদ্রিছ জানান, মিজানের ফোন পেয়েই তিনি ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে খবর দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় আনোয়ারা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments