Image description

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে ধনবাড়ী পৌর এলাকার নলহরা (নল্যা) গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অটোরিকশা চালক ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের সেনবাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর হোসেন (৫৫)। নিহত দুই যাত্রী হলেন— জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকার খোকন হোসেন (৬০) ও বাউসী বাঙ্গালীপাড়া এলাকার ফারুক মুন্সী (৫০)। নিহত ফারুক মুন্সী পেশায় নাওগলা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ধনবাড়ীর নলহরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি দ্রুতগতির বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আকবর হোসেনের মৃত্যু হয়।

এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধনবাড়ী থানার এসআই বজলুর রহমান জানান, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহিতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর