Image description

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতু টোল প্লাজা ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তিনি এই পরিদর্শন ও অতিরিক্ত ভাড়া আদায় বিরোধী অভিযান পরিচালনা করেন।

পরিদর্শনকালে দেখা যায়, পদ্মাসেতু ও এর আশপাশের এলাকায় যানবাহনের কিছুটা চাপ থাকলেও যান চলাচল সার্বিকভাবে স্বাভাবিক রয়েছে। টোল প্লাজার মোটরসাইকেল লেনসহ অন্যান্য লেনে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল করছে।

পরিদর্শনের পাশাপাশি ইউএনও পদ্মা সেতুর উত্তর পাশে নবনির্মিত বাস টার্মিনালে বিশেষ তদারকি চালান। এসময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে যাত্রীদের ফেরত দেওয়া হয়। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অভিযানকালে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আখতার হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও ফারজানা ববি মিতু জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা আনন্দময় ও ভোগান্তিহীন করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। কোনো পরিবহন যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানি করতে না পারে, সেজন্য নিয়মিত এই তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর