Image description

জামালপুরের মেলান্দহে ফিতরার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল গফফারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল গফফার মেলান্দহ উপজেলার জগৎপাট্টা এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই বৃদ্ধা পবিত্র রমজান মাসে যাকাত ও ফিতরার সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করেন। গত রোববার (১৫ মার্চ) দুপুরে তিনি এলাকায় যাকাত সংগ্রহের উদ্দেশ্যে বের হলে অভিযুক্ত গফফার তাকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে তখন কেউ না থাকার সুযোগে গফফার ওই বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে স্বজন ও স্থানীয়দের বিষয়টি জানান। প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল গফফারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর