Image description

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী-নাটোর হাইওয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা বালুবাহী সেই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন- কাওসার (২৬) ও তার ছেলে রেদোয়ান (৬)। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি ইউনিয়নের শলুয়া গ্রামে।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল একটি বালিবাহী ড্রাম ট্রাক। বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে  আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।