খুলনা মহানগরীর লবণচরা এলাকায় সাতসকালে ঘরের ভেতরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করে আহত করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে লবণচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহতরা হলেন—কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাশিদুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা। তাঁদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলার নেপথ্যে রয়েছে পারিবারিক বিরোধ ও ভয়াবহ প্রতিশোধের পরিকল্পনা। কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল ইসলাম প্রায় তিন বছর আগে একটি মাদক মামলায় কারাগারে থাকাকালীন ইমরান নামে এক সন্ত্রাসীর সঙ্গে পরিচিত হন। সেই সুবাদে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
পরবর্তীতে প্রায় ছয় মাস আগে ইমরান আবারও একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ইসলাম ইমরানের স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে ইমরান। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে সেই পরিকল্পনার অংশ হিসেবেই একদল সন্ত্রাসী ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পরিবারের চারজনই গুলিবিদ্ধ হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments