Image description

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রোজাদারের সামনে বিড়ির ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে দাঁড়িয়ে আলাল মিয়া বিড়ি পান করছিলেন। এক পর্যায়ে আলাল বিড়ির ধোঁয়া ছাবিদের দিকে ছুড়লে উভয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে ইফতারের ঠিক আগ মুহূর্তে ছাবিদ ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজিরা বাড়ি এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইফতারের সময় খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর