Image description

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহত চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার রাতে এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সোমবার সকালে রাজা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় গুলিবর্ষণে ঘটনাস্থলেই চায়না খাতুন প্রাণ হারান।

আহতদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভুক্তভোগী ইসলাম প্রামাণিক অভিযোগ করে বলেন, "রাজার নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ওপর গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুর করেছে। গুলিতেই চায়না খাতুনের মৃত্যু হয়েছে।" তবে অভিযুক্ত রাফিউল ইসলাম রাজা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং ওই নারী স্ট্রোক করে মারা গেছেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খঈম উদ্দিন গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর