নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানোয়ারী গ্রামে তুচ্ছ একটি ঘটনা থেকে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫-১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সূত্রপাত হয় তিন দিন আগে। বানোয়ারী গ্রামের মৃত কারী মিয়া ছেলে শরিফ মিয়ার একটি লাউক্ষেতে ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে লাউ চুরির সন্দেহে গালিগালাজ করে এবং মারধর করে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এর জের ধরে গত রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রফিকের পক্ষের লোকজন প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন।
আহতদের মধ্যে রফিকুল ইসলাম, মিস্টার মিয়া ও লিটন মিয়াকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতদের মোহনগঞ্জ ও মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে।
ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ও চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, এত সামান্য বিষয় এভাবে বড় সংঘর্ষে রূপ নেবে তা কারও কল্পনাতীত ছিল। গ্রামবাসীর মধ্যে নিরাপত্তাহীনতার ভাব এখনও কাটেনি।
খবর পেয়ে খালিয়াজুরী থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, “খবর পাওয়ামাত্র পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”




Comments