কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শিকল দিয়ে আটকে রাখার ঘটনা সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ছাত্রী নিজেই “ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ” নামের এক ফেসবুক গ্রুপে শিকল পরিহিত ছবি পোস্ট করে সহায়তা চেয়েছেন। পোস্টটি দ্রুত ভাইরাল হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বিষয়টি ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদারের নজরে আনা হলে তার নির্দেশে সোমবার (২৩ মার্চ) ভোররাত আনুমানিক ৪টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং নিজেকে নিরাপদ মনে করছেন বলে জানিয়েছেন।
পরিবারের দাবি, ছাত্রীটি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। তবে ভুক্তভোগীর অভিযোগ—তাকে অযথা শিকলবন্দি করে নির্যাতন করা হয়েছে।
ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, ছাত্রীর মানসিক অবস্থা যাচাই করা হবে। অসুস্থ প্রমাণিত হলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments