Image description

সাতক্ষীরা জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো চালক পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারবেন না।  বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শহরজুড়ে এই নির্দেশনা প্রচার করা হয়।

নতুন নির্দেশনায় যা বলা হয়েছে:

১. ফুয়েল কার্ড বাধ্যতামূলক: জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস অথবা জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে এই কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।

২. সময়সীমা: প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তেল সংগ্রহ করতে হবে। এর বাইরে কোনো ফিলিং স্টেশন খোলা রাখা বা তেল বিক্রি করা যাবে না।

৩. প্রয়োজনীয় নথিপত্র: তেল নেওয়ার সময় চালককে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে।

৪. নিরাপত্তা ও নিষেধাজ্ঞা: চালকের মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক। এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা কোনো কন্টেইনারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত পাম্প ছাড়া খোলা বাজারে তেল কেনাবেচাও বন্ধ থাকবে।

জেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প মালিক বা চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নতুন এই নিয়ম চালুর খবরে বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে অনেক সাধারণ চালক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, ফুয়েল কার্ড সংগ্রহের প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য নতুন ভোগান্তি তৈরি করবে। তবে প্রশাসন বলছে, জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই