Image description

পটুয়াখালীর বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় বাউফল উপজেলা পাবলিক মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান চলাকালে পুলিশ ও উপজেলা প্রশাসনের সামনেই এ ঘটনা ঘটে। এতে ওহিদুজ্জামান নামে একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাবলিক মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে মঞ্চের সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু ও বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অনুষ্ঠানে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. সহিদুল আলম তালুকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাক মিয়াসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, "মাঠে বসা নিয়ে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত তা নিরসন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।"

সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু জানান, "দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হলেও বড় কোনো বিঘ্ন ঘটেনি। কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা চলছে।"

সংঘর্ষের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মানবকণ্ঠ/ডিআর