নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের মেঘনা সেতু সংলগ্ন জামালদী এলাকা থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বাস ও পণ্যবাহী গাড়িগুলো অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট পরিস্থিতি অপরিবর্তিত ছিল।
ঢাকাগামী যাত্রী মিজান দেওয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, "জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলাম। কিন্তু বালুয়াকান্দি এলাকায় এক ঘণ্টার বেশি সময় যানজটে আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি।" পণ্যবাহী ট্রাকের চালক নুরুজ্জামান জানান, গাড়ির চাপ এত বেশি যে প্রায় স্থির অবস্থায় থাকতে হচ্ছে। বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করেও কোনো সুফল মেলেনি।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, "লাঙ্গলবন্দের অষ্টমী স্নান উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াত ও যানবাহনের চাপ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ সড়কে সক্রিয় রয়েছে এবং যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments