বীর মুক্তিযোদ্ধাদের দেশের এক নম্বর নাগরিক হিসেবে মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলা মিলনায়তনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের শুধু স্বাধীনতা দিবসেই নয়, বছরের প্রতিটি দিন সম্মান ও মর্যাদার সঙ্গে মূল্যায়ন করতে হবে। কোনো সরকারি দপ্তরে গিয়ে যাতে তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন। তাদের অবদানের কারণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তারা না থাকলে আজকের এই অবস্থানে আসা সম্ভব হতো না।”
এসময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে ৫ লাখ টাকার নগদ অনুদান প্রদান করেন ধর্মমন্ত্রী। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) ও মুক্তিযোদ্ধা কমান্ডারের সমন্বয়ে এ অর্থ যথাযথভাবে ব্যবহারের নির্দেশনা দেন। পাশাপাশি ভবিষ্যতে আরও সহায়তা দেওয়ার আশ্বাসও দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করা হয়। পরে তাদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।




Comments