Image description

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতা নীতি দত্ত চাকমা (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই নীতি দত্ত চাকমার মৃত্যু হয়েছে। তার পেটে গুলির আঘাত ছিল এবং বাম হাতটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা দাবি করেন, মেলা কেন্দ্রিক অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

মানবকণ্ঠ/ডিআর