ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আলম মিয়া (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টায় গফরগাঁও উপজেলার পড়শীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই এলাকার সহরুদ্দিনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন: মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. আব্দুল কাদের (৫৫), মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মো. মাজহারুল (৩০) এবং শামসুল হকের ছেলে মো. ইমরান ইসলাম (২৫)। গ্রেপ্তার প্রত্যেকেই একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার সহরুদ্দিনের সঙ্গে আমান মিয়া ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো মীমাংসা হয়নি।
ঘটনার দিন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আলম মিয়া আমান মিয়ার মা আছিয়া বেগমকে মারধর করেন।
এ ঘটনার জেরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে তাদের বাড়ির একটি কক্ষে আটকে রেখে বেদম মারধর করেন। এতে আলম মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ওই দিন দিবাগত রাত দেড়টায় আলম মিয়ার মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Comments