দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) নামে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন বাসযাত্রী। আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন। তিনি জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।




Comments