জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: জেলা ছাত্রলীগের আহ্বায়কসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
শরীয়তপুর সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবরকে প্রধান অভিযুক্ত করে মোট ২২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে সংঘবদ্ধভাবে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং প্রশাসন দ্রুত তদন্তে নামে।
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তদন্তে মহসিন মাদবরকে এ নাশকতার মূলহোতা হিসেবে পাওয়া গেছে। ইতোমধ্যে রিয়াজুল ইসলাম (২১) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির নেতারা এ ঘটনাকে শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননা আখ্যা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আগুনে স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।




Comments