মাদারীপুরের শিবচর থানায় যোগদানের মাত্র চার দিনের মাথায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) তাকে দায়িত্ব থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ শিবচর থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আমির হোসেন সেরনিয়াবাত। মাত্র চার দিনের ব্যবধানে এই আকস্মিক প্রত্যাহারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে দীর্ঘ সময় শিবচর থানায় উপ-পরিদর্শক (এসআই) এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিচিত কর্মস্থলে পূর্ণাঙ্গ ওসি হিসেবে যোগ দেওয়ার চার দিনের মাথায় তার এই বিদায় নিয়ে জনমনে নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments