নবীনগর ভূমি অফিসে এখনো কাটেনি ঈদের আমেজ, সেবা বঞ্চিত মানুষ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে যেন এখনো ঈদের আমেজ কাটেনি। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে সরকারি দপ্তরগুলো সচল হলেও দ্বিতীয় কার্যদিবসেও তালাবদ্ধ থাকতে দেখা গেছে এই গুরুত্বপূর্ণ কার্যালয়টি। এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি শেষে অফিস খোলার নিয়ম থাকলেও ২৯ মার্চ (রোববার) সরেজমিনে ভিন্ন চিত্র দেখা যায়। এদিন দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত নবীনগর ভূমি অফিস ঘুরে দেখা গেছে, অধিকাংশ কক্ষই তালাবদ্ধ। অফিসের সাধারণ শাখা খোলা থাকলেও সেখানে মাত্র একজন কর্মচারীর উপস্থিতি মিলেছে।
সেবা নিতে আসা জাকির হোসেন, সফিক মিয়া ও হোসনা বেগমসহ আরও অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, তারা সকাল থেকে কাজ সারতে এসে দাঁড়িয়ে আছেন। কিন্তু এসিল্যান্ড, সার্ভেয়ার কিংবা নাজির—কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসে কর্মরত একজন জারিকারক তাদের অফিসের গোল ঘরে অপেক্ষা করতে বলে সময়ক্ষেপণ করছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কর্মকর্তাদের দেখা না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানান, “সাপ্তাহিক জেলা মিটিংয়ে যোগ দেওয়ার জন্য আমি বর্তমানে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করছি। তবে বাকি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কক্ষ খোলা রেখে দাপ্তরিক কাজ চালিয়ে যাওয়ার কথা। কেন তারা অনুপস্থিত, সে বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, “দীর্ঘ ছুটির পর কেন তারা কর্মস্থলে উপস্থিত হননি, সে বিষয়ে আমার জানা নেই। আমি দ্রুত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”
গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরে কর্মকর্তাদের এমন দায়িত্বহীনতায় ক্ষুব্ধ নবীনগরবাসী। তারা অবিলম্বে নিয়মিত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments