Image description

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেসার্স রহমান অটো মোবাইলে ৫ লিটার জ্বালানি তেলে ৩০০ গ্রাম কম তেল দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   

সোমবার (৩০ মার্চ) চুয়াডাঙ্গা সদর উপজেলায় দৌলতদিয়ার ও ভালাইপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির যৌথ উদ্যোগে অভিযানে এই জরিমানা করা হয়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।

এছাড়া এ অভিযানে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ভালাইপুরের কুলচারা এলাকার মো. আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, অবৈধভাবে সার বিক্রি ও ভাউচার সংরক্ষণ না করার দায়ে একই আইনের ৪৫ ধারায় মো. তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের বীজ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার টিমের সদস্যরা।

কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।