Image description

কুমিল্লার দেবিদ্বারে একটি কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় জুলুস মিয়া (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুলুস মিয়া ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গ্রামের কামাল হোসেন (৩৫) নামে এক যুবক একটি কুকুরকে অহেতুক লাথি মারলে তার প্রতিবাদ করেন প্রতিবেশী কৃষক জুলুস মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় কামাল হোসেন ওই কৃষকের অণ্ডকোষে সজোরে লাথি মারলে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি মো. আকাশ জানান, ঘটনার সময় চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে দাদাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় হামলাকারীরা তাকেও দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখায়। নিহতের বড় ছেলে ইব্রাহিম এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পাঁচ ছেলে ও দুই মেয়ের জনক দরিদ্র এই কৃষকের অকাল মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মানবকণ্ঠ/আরআই