টানা ১৪ ঘণ্টা ধর্মঘট পালনের পর অবশেষে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস্, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দুইটায় সংগঠনের নেতৃবৃন্দ ধর্মঘট স্থগিতের এই ঘোষণা দেন।
এর আগে, উদ্ভূত পরিস্থিতি নিরসনে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের প্রায় ঘণ্টাব্যাপী এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পেট্রোল পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে নানা হয়রানির অভিযোগ তুলে ধরেন। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, প্রশাসনের বিভিন্ন ‘হয়রানির’ প্রতিবাদে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি। হঠাৎ শুরু হওয়া এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। রাত থেকেই সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি ও যানজট তৈরি হয়। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যান।
ধর্মঘটের প্রভাব পড়েছিল বিভাগের অন্য জেলাগুলোতেও। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়ে পরিবহন খাত। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে অনেক জায়গায় জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তবে ধর্মঘট প্রত্যাহারের পর দুপুর থেকে পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি শুরু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments