পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৩০
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়ন থেকে শুরু করে পাকুন্দিয়া পৌর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের ভিড়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে পাটুয়াভাংগা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। কুকুরটি সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকুন্দিয়া পৌর সদর বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে জখম করেছে।
আহতদের মধ্যে রয়েছেন— সাবেক কাউন্সিলর স্বপন মিয়া (৫০), হারুন অর রশীদ (৫৫), আকিব আলম (১৫), আফরা (২০), সুমিত (১৮), লাবণ্য (১৫), ইমরান (২২), আসমা (৩২), মানছু মিয়া (৪০) ও মোনতাজ উদ্দিন (৭০)। রাত ৮টা পর্যন্ত ৩০ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, বিকেল থেকে লাইনে দাঁড়িয়ে রোগীরা হাসপাতালে আসছেন। আমাদের স্টাফরা আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। পর্যাপ্ত ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ সদস্যরা হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে কাজ করছেন। কুকুরটিকে আটকের চেষ্টা চলছে।’
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, ‘আক্রান্তদের সরকারি ব্যবস্থাপনায় ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কুকুরটিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জনসাধরণকে সতর্ক থাকতে বলা হয়েছে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments