Image description

পিরোজপুরের নাজিরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাদ থেকে চলন্ত বৈদ্যুতিক পাখা (ফ্যান) খুলে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ৮১নং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো— জয়পুর গ্রামের সঞ্জীব সমাদ্দারের ছেলে সৌভিক সমাদ্দার (১১) এবং একই এলাকার রেজাউল মাঝির মেয়ে রাবেয়া খাতুন (১১)। তারা দুজনেই ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ের একটি পুরাতন ভবনের তৃতীয় শ্রেণির কক্ষে প্রায় ২৫ জন শিক্ষার্থী গণিত ক্লাসে অংশ নিচ্ছিল। ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের চলন্ত ফ্যানটি ছিঁড়ে সরাসরি সৌভিক সমাদ্দারের মাথার ওপর পড়ে। এসময় ফ্যানের একটি ব্লেড ভেঙে রাবেয়া খাতুনের মাথায় লাগে। এতে দুজনেই রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

শিক্ষকরা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাবেয়া খাতুনকে ভর্তি করা হয়। তবে সৌভিকের মাথার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী শিক্ষিকা রিক্তা মন্ডল জানান, তিনি তখন শিক্ষার্থীদের অঙ্ক করতে দিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে ফ্যানটি খুলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রধান শিক্ষিকা স্নিগ্ধা রানী মন্ডল জানান, শিক্ষার্থী বেশি হওয়ায় পুরাতন ওই ভবনে ক্লাস নিতে হয়। তবে ভবনটি যে এতটা ঝুঁকিপূর্ণ ছিল, তা আগে বোঝা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার জানান, একটি শিশুর মাথায় গুরুতর ইনজুরি থাকায় তাকে বরিশালে রেফার করা হয়েছে। অন্য শিশুটি আশঙ্কামুক্ত।

নাজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জরাজীর্ণ ভবনের বিষয়ে আমরা এলজিইডি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। একজন সহকারী শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে এ বিষয়ে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে।’

মানবকণ্ঠ/ডিআর