লালপুরে টিফিনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
নাটোরের লালপুরে বিদ্যালয় থেকে টিফিনের বিরতিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ইয়ামিন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন উপজেলার গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং স্থানীয় গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকতিয়ারুল ইসলাম জানান, দুপুর ১টায় বিদ্যালয়ের টিফিনের বিরতি দেওয়া হলে ইয়ামিন নাস্তা করার জন্য বাড়ির উদ্দেশে রওনা হয়। বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব কাছে হওয়ায় সে মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিস্পাপ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments