Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পায়ের নুপুর চুরির অভিযোগে এক নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন এবং তার স্বামীর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। বর্বরোচিত এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম রুপালী এবং তার স্বামীর নাম ইমরান।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারপাড়া এলাকার সাজ্জাদের মেয়ে তাসমিনের পায়ের নুপুর খুলে নেওয়ার অভিযোগে রুপালী ও তার স্বামীকে আটক করা হয়। এরপর তাদের নর্থ পয়েন্ট স্কুলের ৩ নম্বর ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ভবনের বারান্দার খুঁটির সঙ্গে রুপালীকে বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয়। একই সময় তার স্বামী ইমরানের মাথা ন্যাড়া করে দেয় অভিযুক্তরা। পরে ইমরানকে ছেড়ে দেওয়া হলেও রুপালীকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এই ঘটনায় তাসমিনের ভাই সৌরভ বাদী হয়ে রুপালীর বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকীম জানান, স্থানীয় জনতা চুরির অভিযোগে রুপালী নামে এক নারীকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে চুরির অভিযোগে কাউকে আইন নিজের হাতে তুলে নিয়ে নির্যাতন বা মাথা ন্যাড়া করার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর