Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করতেন এবং সাইনবোর্ড এলাকায় একটি পুরাতন গাড়ির শোরুমে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটনের সঙ্গে স্থানীয় ‘সাকিব গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাং বা বখাটে চক্রের দীর্ঘদিনের বিরোধ ছিল। গত শনিবার ওই গ্রুপের সদস্যদের সঙ্গে লিটনের পুনরায় ঝগড়া হয়। এরই জের ধরে রবিবার রাতে লিটন রতনপুর এলাকায় গেলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর আব্দুর রউফ অভিযোগ করে বলেন, “আমার জামাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যাদের সঙ্গে তার বিরোধ ছিল, তারাই এই কাজ করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিষয় অথবা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

মানবকণ্ঠ/ডিআর