Image description

বকেয়া বেতন ও ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় দেশের বিভিন্ন স্থানে থাকা নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন। আন্দোলনরত শ্রমিকদের হুঁশিয়ারি, বকেয়া বেতন ও পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না।

এদিকে, দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখায় পদুয়ার বাজার এলাকার দুই পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র গরমের মধ্যে সড়কে আটকে পড়া শত শত যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর পৌনে ১২টা পর্যন্ত শ্রমিকদের এই অবরোধ কর্মসূচি চলছিল।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম জানান, শ্রমিকরা দীর্ঘ সময় ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

মানবকণ্ঠ/ডিআর