Image description

চুয়াডাঙ্গার দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আতিকা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকা দর্শনা মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে আতিকার মায়ের মৃত্যু হয়। এরপর থেকেই সে তার খালু মোবারক হোসেনের বাড়িতে বসবাস করছিল। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে আতিকার এক খালাতো বোন বাড়ি ফিরছিলেন। তাকে দেখতে পেয়ে শিশু আতিকা আনান্দে দৌড়ে রাস্তা পার হয়ে কাছে যাওয়ার চেষ্টা করলে একটি দ্রুতগামী ট্রাক (যশোর-ঢ ০১-০০০২) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু নিশ্চিত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটকে পুলিশে খবর দেয়। বর্তমানে ট্রাকটি দামুড়হুদা থানা হেফাজতে রয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির নিথর দেহ উদ্ধার করে দামুড়হুদা চিতলা হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।

মানবকণ্ঠ/ডিআর