Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদ্রাসা শিক্ষার্থী (১৪) এবং স্থানীয় এক বিএনপি নেতার ছেলে (২৩) গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—ফতুল্লার পঞ্চবটি এলাকার আসমাউল হোসেনের ছেলে ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ ইমরান (১৪) এবং এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে ও পাগলা মিসির আলি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব (২৩)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে বেলা ১১টার দিকে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় গোলাগুলির মধ্যে পড়ে পথচারী কিশোর ইমরান ও বিএনপি নেতার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “নারায়ণগঞ্জ থেকে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, ঝুট মালামাল নিয়ে বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মানবকণ্ঠ/ডিআর