Image description

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুরে পড়ে পার্থ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার (১০ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিটে রানীঘাটের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পার্থ পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের সুজন কুমার দাস ও স্মৃতি রানী দাসের সন্তান। পরিবারটি বর্তমানে রাজার বাগানপাড়া এলাকায় শিশু পার্ক সংলগ্ন স্থানে বসবাস করে আসছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পার্থ সমবয়সী শিশুদের সঙ্গে শেখ রাসেল পার্কের পুকুরঘাট এলাকায় খেলছিল। বিকেল সোয়া ৫টার দিকে তার মা স্মৃতি রানী তাকে বাড়িতে নেওয়ার জন্য পার্কে এসে খুঁজতে থাকেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ধারণা করা হয়, খেলাধুলার এক পর্যায়ে শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতভর তল্লাশি অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার ভোরে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

মানবকণ্ঠ/ডিআর