হাম-বসন্ত থেকে মুক্তির আশায় গ্রামবাসীর ‘শীতলা পূজা’ ও কাদামাটি উৎসব
ফরিদপুরের সদরপুর উপজেলায় হাম-বসন্তসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পাওয়ার আশায় প্রায় ছয় দশক ধরে পালিত হয়ে আসছে বিশেষ ধর্মীয় আচার ‘শীতলা পূজা’। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়া গ্রামে ঐতিহ্যবাহী এই পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো এবারও উৎসবকে কেন্দ্র করে মালোপাড়া গ্রামে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই পূজার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ‘কাদামাটি উৎসব’। বিশ্বাস ও ঐতিহ্যের অংশ হিসেবে এদিন ছোট-বড় সব বয়সী মানুষ কাদা খেলায় মেতে ওঠেন। একে অপরকে কাদা মাখিয়ে আনন্দ-উল্লাসের মাধ্যমে উৎসবটি উদযাপন করেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৬০ বছর আগে এই এলাকায় হাম ও বসন্ত রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সেই সময় রোগমুক্তি ও মহামারির হাত থেকে বাঁচতে পূর্বপুরুষরা শীতলা পূজার প্রচলন করেন। সেই থেকে আজ অবধি প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসী এই প্রথা পালন করে আসছেন। তাদের বিশ্বাস, নিষ্ঠার সঙ্গে এই পূজা করলে গ্রামবাসী সংক্রামক রোগের হাত থেকে সুরক্ষিত থাকে।
গ্রামের প্রবীণরা জানান, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হলেও এই পূজা তাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি পূজা নয়, বরং গ্রামবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার একটি বড় মাধ্যম। পূজা ও উৎসব উপলক্ষে মালোপাড়া গ্রামে এক মিলনমেলায় পরিণত হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, লোকজ এই ঐতিহ্যগুলো আমাদের গ্রামীণ সংস্কৃতির শেকড়কে বাঁচিয়ে রেখেছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় পূজা সম্পন্ন হওয়ায় গ্রামবাসীর মনে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments