দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি বাজারের ‘লালচাঁদ ভ্যারাইটি স্টোর’-এ এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই দোকান থেকে ‘জিনসি’ ও ‘নিশি’ ব্র্যান্ডের ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, সম্প্রতি এলাকায় মাদকের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এসব ক্ষতিকর পণ্য বিক্রি করে আসছেন, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এসব অসাধু ব্যবসায়ীদের রুখতে এবং জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।
জরিমানার টাকা আদায়ের পর জব্দকৃত সিরাপগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments