পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে প্রায় ৮ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর সৈকতের পশ্চিম দিকে পুরনো শুঁটকি পল্লী এলাকায় জোয়ারের পানির সাথে ডলফিনটি ভেসে আসে। মৃত এই ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন থাকায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ভেসে আসা ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে এবং পেট ফেটে গেছে। ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, এটি একটি বিরল প্রজাতির ইরাবতী ডলফিন। এ ধরনের ডলফিনের মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, "বারবার মৃত ডলফিন ভেসে আসা আমাদের পরিবেশের জন্য একটি অশনিসংকেত। সামুদ্রিক পরিবেশের অবনতির কারণেই এমনটা হতে পারে। দ্রুত এর কারণ অনুসন্ধান করা প্রয়োজন।"
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, "অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের ধাক্কায় ডলফিনগুলো মারা পড়ছে বলে আমাদের ধারণা। এটি সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।"
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। ভবিষ্যতে এ ধরনের মৃত্যু ঠেকাতে নজরদারি ও জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরবর্তীতে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে মৃত ডলফিনটি সৈকতে মাটিচাপা দেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments