Image description

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাঝিরা বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসচালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বাসটি থামিয়ে দেন এবং যাত্রীরা দ্রুত নিচে নেমে যান। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সবাই।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বাসের ভেতরের সিটগুলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বাসে আগুন লাগার পরপরই যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।"

ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিতে তদন্ত চলছে।

মানবকণ্ঠ/ডিআর