টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্টাক্ষেত থেকে ফাতেমা (৫) নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী নেংড়াবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার মো. আবু সামার মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার আসর নামাজের পর থেকে ফাতেমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে ঘাস কাটতে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের মামা জনি খান অভিযোগ করে বলেন, ফাতেমার কানে স্বর্ণের গহনা ও গলায় একটি রুপার চেইন ছিল, যা মরদেহের সাথে পাওয়া যায়নি। তিনি সন্দেহ প্রকাশ করেন, ফাতেমার জেঠাতো ভাই আব্বাস আলী (২৭) তাকে জুস কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। গয়না ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে পরিবারের দাবি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যার আগে অন্য কোনো পাশবিক নির্যাতন চালানো হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মানবকণ্ঠ/ডিআর




Comments