পাইকগাছায় আলোচিত শ্রীলেখা হত্যা মামলায় ৩ মাস পর ২ প্রতিবেশী গ্রেফতার
খুলনার পাইকগাছায় বহুল আলোচিত শ্রীলেখা সানা (৫৫) হত্যা মামলায় দীর্ঘ তিন মাস পর দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। জমি ও চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার সোলাদানা ইউনিয়নের পশ্চিম দীঘা গ্রামের সম্ভু সানা (৬৫) ও সঞ্জয় সানা (৪৫)। গত ১০ এপ্রিল তাদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন জানানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলার রহস্য উদঘাটনে এর আগে নিহতের দেবর প্রসেন সানা ও তাঁর পরিবারের সদস্যদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো ক্লু পাওয়া যায়নি। পরবর্তীতে পিবিআই ও সিআইডির প্রযুক্তিগত সহায়তায় এবং নিবিড় তদন্তের মাধ্যমে প্রতিবেশী সম্ভু ও সঞ্জয় সানার সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। তাঁদের পরিবারের সঙ্গে নিহত শ্রীলেখার পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, দীর্ঘ অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে। বর্তমানে তাঁরা জেলহাজতে রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি গভীর রাতে পশ্চিম দীঘা গ্রামের মৃত ফণীন্দ্র নাথ সানার স্ত্রী শ্রীলেখা সানাকে নিজ বাড়ির রান্নাঘরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। এ ঘটনায় ২৩ জানুয়ারি নিহতের ছেলে গোবিন্দ সানা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ সময় পর এই গ্রেফতারে মামলার তদন্তে নতুন মোড় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments