Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কমিটি বিভক্তি ও নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে সাঁওতালদের দুই পক্ষের মধ্যে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাপ-দাদার জমি ফেরতের দাবিতে সাঁওতালদের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ দলবেঁধে বাগদা এলাকায় আসছিলেন। এসময় হঠাৎ করেই প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ৪ জন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা এবং চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগদা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ যেন নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর