ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, "কৃষকরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার এবং তাদের উৎপাদিত শস্যের ওপরই দেশের মানুষের জীবনধারণ নির্ভর করে।"
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
ধর্মমন্ত্রী আরও বলেন, এই সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম কেবিনেটেই কৃষি ঋণের সুদ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কৃষকরা যদি ফসল উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে দেশ খাদ্য সংকটে পড়বে। এ কারণেই বর্তমান সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। চাষাবাদের সুবিধার্থে সরকার খাল খনন প্রকল্প হাতে নিয়েছে এবং কৃষকদের স্বাবলম্বী করতে ‘কৃষক কার্ড’ চালু করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু ও কৃষক প্রতিনিধি হেদায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক ও বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, মহিলা দলের সভাপতি কাজী তাহমিনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ২২টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।
উল্লেখ্য, এ বছর উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুরাদনগর উপজেলার ১৬ হাজার ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments