নওগাঁয় অনলাইন ক্যাসিনো জুয়ার অন্যতম ডিলার ও দেশি-বিদেশি মুদ্রা লেনদেন চক্রের মূল হোতা মো. মাহির সরদারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাহির সরদার জেলার রানীনগর উপজেলার চকমনো গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো ও জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে, মাহির সরদার এই চক্রের অন্যতম প্রধান দেশীয় এজেন্ট। এরপরই সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, মূলত চীনে (চায়না) অবস্থানরত হোতাদের সাথে যোগসাজশে তিনি বাংলাদেশের অনলাইন ক্যাসিনো জুয়ার টাকা বিদেশি মুদ্রা থেকে বাংলাদেশি টাকায় রূপান্তর করতেন। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেনের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, "গ্রেপ্তার হওয়া মাহির সরদার অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের গভীরতা এবং এর সাথে জড়িত অন্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।"
পুলিশ আরও জানিয়েছে, মাহির সরদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments