Image description

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে নিখোঁজের চার ঘণ্টা পর সাদাদ আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।

স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে সকালে বাসা থেকে বের হয় সাদাদ। অনুষ্ঠান শেষে দুপুরে বন্ধুদের সঙ্গে ভেড়ামারা ব্রীজ এলাকায় নদীর পাড়ে ঘুরতে গিয়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ডুবুরি দলের প্রচেষ্টায় নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর