Image description

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আড়িয়ল ও দিঘিরপাড় ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ গ্রামের মনির ঢালীর ছেলে রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের জসিম খানের ছেলে আরাফাত রাকিব খান (২২)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে আকাশ মেঘলা হয়ে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় ফজুশাহ গ্রামের রিজান ঢালী বাড়ির অদূরে ফসলি জমিতে থাকা গরু আনতে যান। মাঠের মাঝখানে থাকাবস্থায় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

অন্যদিকে, একই সময়ে দিঘিরপাড় এলাকায় ফুটবল খেলা শেষে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন রাকিব খান। পথিমধ্যে তিনি বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা দুই তরুণকেই উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুরে আলম সিদ্দিকী জানান, বজ্রপাতে আক্রান্ত দুজনকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাদের কোনো পালস ছিল না। পরীক্ষার পর দেখা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা গেছেন।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। অকাল এই মৃত্যুতে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর