Image description

ময়মনসিংহের নান্দাইলে খেলনা পিস্তল ও একটি বড় চাকুসহ মহসিন মিয়া (২৫) নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নান্দাইল পৌরসভার পাঁচপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মহসিন উপজেলার নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মিয়া ৫ বছর সৌদি আরবে থাকার পর দুই মাস আগে দেশে ফেরেন। অভিযোগ রয়েছে, তিনি পিস্তল ও চাকু প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। শনিবার দুপুরে নান্দাইল পৌরসভার পাঁচপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তার কাছে পিস্তল ও চাকু দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশি জিজ্ঞাসাবাদে মহসিন মিয়া দাবি করেন, পিস্তলটি আসলে একটি খেলনা এবং তিনি এটি মানুষকে ভয় দেখানোর জন্য ব্যবহার করতেন। এমনকি স্থানীয় এক জনপ্রতিনিধিকে (মেয়র) দেখানোর উদ্দেশ্যে তিনি এটি নিয়ে যাচ্ছিলেন বলেও জানান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মহসিনকে আটক করা হয়েছে। তার কাছে থাকা পিস্তলটি খেলনা হলেও সাথে থাকা বড় চাকুটি আসল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর