Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিধবা নারী নাহিদা বেগমকে (৫০) হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ওস্তাকে (৪০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েত নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬, র‍্যাব-১১ ও টুঙ্গিপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত নজরুল ওস্তা উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে। আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাহিদা বেগমের স্বামী শরিফুল ওস্তার সঙ্গে প্রতিবেশী নজরুল ওস্তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আট মাস আগে উচ্চ আদালত শরিফুল ওস্তার পক্ষে রায় দিলেও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলে রাখে। গত পহেলা ফেব্রুয়ারি ওই জমিতে বেড়া দিতে গেলে নজরুল ওস্তার নেতৃত্বে একদল সন্ত্রাসী শরিফুলের ছেলে মহিবুল্লাহর ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা নাহিদা বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি নিহতের ছেলে মহিবুল্লাহ ওস্তা বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে নজরুল ওস্তাকে প্রধান আসামি করা হয়।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর