Image description

নাটোরের সিংড়া উপজেলায় পৃথক স্থান থেকে সেচ পাম্পের সাতটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০ বিঘা জমির আধাপাকা বোরো ধান রক্ষা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তাজপুর ও শেরকোল ইউনিয়নে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামের উত্তর মাঠ থেকে একযোগে পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়। এর মধ্যে চারটি ৫-কেভি এবং একটি ১০-কেভির ট্রান্সফরমার ছিল। এই চুরির ফলে কৃষক আলহাজ মো. এবারদ আলী প্রামাণিক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সাইদুর রহমান, মনিরুজ্জামানসহ কয়েকজনের প্রায় ১৫০ বিঘা জমিতে সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

একই রাতে শেরকোল ইউনিয়নের রানিনগর-তেলিগ্রাম বিল থেকে আরও দুটি ট্রান্সফরমার চুরি হয়। সেখান থেকে কৃষক আব্বাস আলীর একটি ১০-কেভি এবং গোলাম মোস্তফার একটি ৫-কেভি ট্রান্সফরমার নিয়ে গেছে চোর চক্র। এতে ওই বিলের প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির সেচকাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, চুরি হওয়া সাতটি ট্রান্সফরমারের বাজারমূল্য চার লাখ টাকারও বেশি।

ভুক্তভোগী কৃষকরা জানান, বর্তমানে বোরো ধান পাকার শেষ মুহূর্ত। এই সময়ে জমিতে পর্যাপ্ত পানির প্রয়োজন। সেচ দিতে না পারলে ধানের শীষ শুকিয়ে ফসল পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বোরো মৌসুমের শেষে এসে নতুন করে টাকা জোগাড় করে ট্রান্সফরমার কেনা ক্ষুদ্র কৃষকদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সিংড়ায় বারবার ট্রান্সফরমার চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে চোর চক্রকে গ্রেপ্তার এবং কৃষি উপকরণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/আরআই