Image description

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ও গ্যাসের উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন কাজ শুরু হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল এলাকায় এই বিশেষ কূপ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তিতাস গ্যাস ফিল্ডের ২২টি কূপ থেকে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে দেশের সবচেয়ে প্রাচীন ও বড় এই গ্যাস ফিল্ডের কূপগুলোর মজুত ও চাপ ক্রমান্বয়ে কমে আসায় উৎপাদনও হ্রাস পেয়েছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) থ্রিডি সিসমিক জরিপের মাধ্যমে নতুন উৎসের সন্ধান পায়। এর প্রেক্ষিতেই তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, ৫ হাজার ৬০০ মিটার গভীরতার এই কূপটি খননে সময় লাগবে প্রায় সাত মাস। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি খনন কাজটি পরিচালনা করছে। খনন সফল হলে এখান থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামাণিক বলেন, “তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ সফলভাবে খনন করা গেলে তা দেশের জ্বালানি খাতের জন্য একটি মাইলফলক হবে এবং বিদ্যমান জ্বালানি সংকট অনেকাংশেই কেটে যাবে।”

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান জানান, বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির মাঝে দেশীয় জ্বালানি উৎস অনুসন্ধান অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে পেট্রোবাংলা চলতি বছরের মধ্যে মোট ৫০টি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএফসিএলের কোম্পানি সচিব মোজাহার আলী এবং প্রকল্প পরিচালক মো. মাহমুদুল নবাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই