গাজীপুরে চুরি সিলেট থেকে লুকানো মালামাল উদ্ধার, গ্রেফতার ১
গাজীপুর মহানগরীর পূবাইলে একটি গ্যারেজ থেকে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার পর চুরি হওয়া দুটি ব্যাটারিচালিত মিশুক (যান) সিলেট থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক চোরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট জেলার বিশ্বনাথ থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. এমরান হোসেন (৩৪)। তিনি নোয়াখালীর চাটখীল উপজেলার মনোহারপুর গ্রামের বাসিন্দা এবং পূবাইলের তালটিয়া হইল্লাপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পূবাইল থানার এসআই মো. রফিকুল ইসলাম ও এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার তবলপুর এলাকায় অভিযান চালায়। গ্রেফতারের পর এমরানের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাঁচা রাস্তার পাশ থেকে লুকানো অবস্থায় ২টি মিশুক ও একটি চার্জার উদ্ধার করা হয়।
তদন্তে বেরিয়ে আসে, এমরান ও তার সহযোগীরা পূবাইলের একটি গ্যারেজ থেকে মিশুক দুটি চুরি করে প্রথমে মাজুখান এলাকায় নিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে একটি পিকআপে করে গাড়িগুলো সিলেটে পাচার করে এবং সেখানে বিক্রির উদ্দেশ্যে গোপনে রেখে দেয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “চুরির অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে সিলেট থেকে তাকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
মানবকণ্ঠ/আরআই




Comments