গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিজেলভর্তি ড্রামে পড়ে আরাফাত হোসেন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
নিহত আরাফাত উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে। ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির বারান্দায় খেলা করছিল শিশু আরাফাত। শিশুটির বাবা বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। ট্রাকের তেল ট্যাংকিতে ছিদ্র হওয়ায় মেরামতের উদ্দেশ্যে ট্যাংকিতে থাকা সব ডিজেল বের করে বাড়ির বারান্দায় একটি কাটা প্লাস্টিকের ড্রামে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে শিশু আরাফাত ওই ড্রামের ভেতর উপুড় হয়ে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) স্বপন কুমার রায় জানান, "ডিজেলের ড্রামে পড়ে একটি শিশুর অসুস্থ হওয়ার খবর শুনেছিলাম। পরে তার মৃত্যুর বিষয়টি শুনেছি। এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা।"
মানবকণ্ঠ/ডিআর




Comments