জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো— ওই গ্রামের এনামুলের বড় ছেলে হোসেন আলী (১২) ও ছোট ছেলে রহমত আলী (৯)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন ও রহমত দুজনেই মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। বুধবার বিকেলের দিকে স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তারা। গোসলের একপর্যায়ে অন্য সহপাঠীদের অগোচরে দুই ভাই পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে সহপাঠীরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে পুকুরে তল্লাশি শুরু করেন। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই সন্তানের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে মাঝিনা গ্রামের আকাশ-বাতাস।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments